গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী পুনর্মূল্যায়নের দাবি

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী পুনর্মূল্যায়নের দাবি
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্মূল্যায়নের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের মিছিল | ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী পুনর্মূল্যায়নের দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর কাছে মিছিল নিয়ে গিয়ে পরিবহন শ্রমিক নেতারা এই আবেদন জমা দেন।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবুর রহমানের পরিবর্তে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

আবেদনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বকস দুদু সই করেন।

আরও পড়ুন

আবেদনে উল্লেখ করা হয়, গাজীপুর-১ আসনে প্রায় ৮ লাখ ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোটার শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ এখানকার ভোটের হিসাবে বড় কারণ।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর হুমায়ুন কবির খান শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শিল্প প্রতিষ্ঠান রক্ষা ও উৎপাদন অব্যাহত রাখতে মুখ্য ভূমিকা পালন করেছেন। শ্রমজীবী মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি দলের উপযুক্ত প্রার্থী হতে পারেন।

এর আগে, গাজীপুর-১ আসনে প্রার্থী চূড়ান্ত মনোনয়নে পুনর্বিবেচনার দাবিতে এদিন সকালে মতিঝিলে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান আন্দোলনকারীরা।

এদিকে গাজীপুর-১ আসনে প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে একাধিক মনোনয়ন প্রত্যাশীর সমর্থকেরা সেখানে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর