খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানের নিজ বাড়ি থেকে খুলনার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। ১০টার দিকে তিনি আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে সড়কপথে লঞ্চঘাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
পরে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন শেষে বিকাল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন।


