সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হানিফ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক পৌনে ২টার দিকে মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে। হানিফ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান হানিফ। মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। সম্প্রতি দাদির মৃত্যুর পর তার নামে ওমরাহ করতে যান তিনি। ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ বলেন, ‘বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন থেকে আরেকটি গাড়ি ধেয়ে আসে। তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান।’
দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ সবার বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ে করার কথা ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হানিফের স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।


