দুদকের মানিলন্ডারিং মামলার পর এবার জুলাই আন্দোলনের মোহাম্মদপুর থানার অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় সাদেক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার পুলিশের আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন ইমরানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং পুলিশ ওই মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখায়।
এর আগে ৩ মার্চ সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মোহাম্মদপুর থানায় মানিলন্ডারিং আইনে মামলা করে আদালত তাকে কারাগারে পাঠায়।


