রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’। কনসার্টটিতে গাওয়ার কথা ছিলো নগরবাউল জেমস ও পাকিস্তানি শিল্পী আলী আজমতের। কিন্তু কনসার্টটি স্থগিত করা হয়েছে। জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে কনসার্ট আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ।
জানা গেছে, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাই সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে “আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা” কনসার্টটি স্থগিত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কনসার্ট পুনরায় আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগগিরই জানানো হবে।’
এদিকে কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার এক মঞ্চে জেমসের সঙ্গে পারফর্ম করার কথা ছিল তার।


