‘এত ভোট ওরা পেল কীভাবে’

‘এত ভোট ওরা পেল কীভাবে’
মির্জা আব্বাস | ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছেন ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেছেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কীভাবে।’

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

প্রতিপক্ষের এত ভোট পাওয়া নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ‘ভোট-পূর্ববর্তী তাদের যে প্রস্তুতি ছিল…আমি বারবার বলতাম যে ওরা ইঞ্জিনিয়ারিং করবে। সেই ইঞ্জিনিয়ারিংটা ওরা করে ফেলেছে। এটা আমরা বুঝতে পারিনি। কোন কায়দায় (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) করেছে, এখন বুঝতে পারছি।’

এ সময় বিএনপির ভূমিধস জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্বাস বলেন, ‘আমি আনন্দিত ব্যক্তিগতভাবে। দেশবাসীও আনন্দিত। দেশবাসী আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। আমি আশা করছি জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন।’

তিনি বলেন, ‘আমার ভাল্লাগছে এ কারণে যে আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলাম। তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর