কুমিল্লায় জয়কে আওয়ামী লীগ, বিএনপি ও বিদেশি শক্তির বিরুদ্ধে জনতার বিজয় বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘জুলাইয়ে অর্জিত ক্ষমতা এখন জনতার হাতে।’
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষে বেসরকারি ফল গণনায় বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা পৌরসভার স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে আমাকে ঠেকানোর জন্য। তারা অর্থ দিয়ে, পেশি শক্তি দিয়ে, ফ্যাসিবাদীদের শাসনামলের মেম্বার ও চেয়ারম্যানদের কিনে ফেলেছিল।’
‘তবে তারা ভুলে গেয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত ক্ষমতা এখন আর ক্ষমতাধরদের হাতে না, ক্ষমতা এখন জনতার হাতে’, যোগ করেন তিনি।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘অর্থ ও পেশী শক্তি থাকার পরও দেবীদ্বারের আমার মায়েরা-আন্টিরা দলে দলে গিয়ে আমাকে ভোট দিয়েছে। তাদের কোন অর্থ কিনে নিতে পারে নাই।’
নির্বাচনে যারা বিপক্ষে ভোট দিয়েছেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র ভাইয়েরা, প্রবাসীরা, ব্যবসায়ী ও ত্যাগী কর্মীরা আমাকে ভোট দিয়েছেন। আর যারা আমাকে ভোট দেননি, তারা আমাকে বিশ্বাস করতে পারেননি- কিন্তু আপনাদের অধিকার আমার কাছে সমানভাবে থাকবে।’
দেবীদ্বারে যদি কেউ চাঁদার জন্য আসে, তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়ার অনুরোধ করে তিনি জানান, ‘এই দেবীদ্বারে এখন থেকে গোমতীর মাটি উত্তোলন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, ঘুষ ও অনিয়ম-দুর্নীতিকে কবরস্থ করা হলো।’
এর আগে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুম থেকে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়।


