রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, বংশাল, শেরেবাংলা নগর, মুগদা, রূপনগর ও পল্টন মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।
শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া বংশাল থানা দুইজন, শেরেবাংলা নগর থানা চারজন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ছয়জন ও পল্টন মডেল থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


