সাইবার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। রোববার এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সিকিউরিটি অপারেশনস সেন্টারের উদ্বোধন করেন।
ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) প্রণীত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এনবিআরের কর্মকর্তারা।
তারা আরও বলেন, এ সেন্টার অবকাঠামোসহ সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে এসওসি স্থাপন করা হয়েছে। এনবিআরের একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কেন্দ্রটি পরিচালনা করছে বলেও জানান তারা।
এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনবিআর কর্মকর্তারা জানান, নতুন এই ব্যবস্থা চালুর ফলে কাস্টমস ব্যবস্থাপনায় তথ্যের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ডিজিটাল সেবার নির্ভরযোগ্যতা বাড়বে।


