বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন।’
শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের বাইরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে শেষ হয় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা।
খালেদা জিয়াকে আগের মতোই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।
বোর্ড সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। এখন আইসিউতে চিকিৎসাধীন আছেন। কাজেই স্বাভাবিকভাবে উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না।’
‘উনার শারীরিক অবস্থা এখনো জটিল এবং উনি অত্যন্ত একটা সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি যদি সংকট কাটিয়ে উঠতে পারেন তাহলে ভালো কিছুর প্রত্যাশা করা যাচ্ছে।’
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে দেশ–বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে।


