এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) চট্টগ্রাম–দোহাজারী রেলপথ উন্নয়ন ও বাইপাস নির্মাণে ৬৮৮ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ বিষয়ে ঋণচুক্তি সই হয়েছে। পরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এডিবির অর্থায়নে নেওয়া দক্ষিণ এশিয়া উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক)–চট্টগ্রাম–দোহাজারী রেলওয়ে প্রকল্পের আওতায় বিদ্যমান ৩৫ কিলোমিটার চট্টগ্রাম–দোহাজারী রেলপথ উন্নয়ন করা হবে এবং নতুন ২ দশমিক ৫ কিলোমিটার বাইপাস নির্মাণ করা হবে। এই বাইপাস চালু হলে চট্টগ্রাম স্টেশনে না থেমে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে ট্রেন চলাচল সম্ভব হবে।
ঢাকার ইআরডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং চুক্তিতে সই করেন।
প্রকল্পটির লক্ষ্য ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার করিডোরে যোগাযোগ ব্যবস্থা জোরদার করা। এই উন্নয়ন দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, প্রকল্পটি ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেলসেবার স্থিতিশীলতা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়াবে এবং সড়ক থেকে রেলে পরিবহন স্থানান্তরে সহায়তা করবে। তার মতে, উন্নত রেলসংযোগ কক্সবাজার অঞ্চলে পর্যটন ও মৎস্য খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে ও পিছিয়ে থাকা এলাকাগুলোতে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ তৈরি করবে।
ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার করিডোরটি ট্রান্স-এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের অংশ, যেখানে বর্তমানে মোট যাত্রী পরিবহনের প্রায় ৩২ শতাংশ এবং পণ্য পরিবহনের ৫৫ শতাংশ হয়।
প্রকল্পের আওতায় রেললাইন উঁচু করা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক সিগন্যালিং, ডুয়াল-গেজে রূপান্তর এবং জ্বালানি সাশ্রয়ী ৩০টি নতুন লোকোমোটিভ সংগ্রহ করা হবে, যা জ্বালানি ব্যবহার ও নির্গমন কমাতে সহায়ক হবে। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে পরিচালন সক্ষমতা বাড়ানো হবে।
তিনটি রেলস্টেশন আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক সুবিধাসহ উন্নত করা হবে ও যাত্রীসেবা ও নন-ফেয়ার আয় বাড়াতে বেসরকারি খাতের বাণিজ্যিক কার্যক্রমের জন্য জায়গা রাখা হবে।
এডিবি জানিয়েছে, এই বিনিয়োগ বাংলাদেশের দক্ষ, টেকসই ও আঞ্চলিকভাবে সংযুক্ত রেল নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টাকে শক্তিশালী করবে এবং দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে দেশের ভূমিকা আরও জোরদার করবে।


