বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বুলেটপ্রুফ মিনিবাস ও স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দুই নেতার জন্য বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ যানবাহন আমদানির এই প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছে বিএনপি।
এসব গাড়িতে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও।
বিএনপির সূত্রে জানা যায়, সরকারের অনুমতি পাওয়ার পর এসব গাড়ি আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ডিজাইনের গাড়ির জন্য অনুমোদন দিয়েছে।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চাইলে তাকে সারাদেশে সফরের জন্য বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। তারেক রহমানও দেশে ফিরে নির্বাচনী সফরে নামলে তিনি একই ধরনের গাড়ি ব্যবহার করবেন। এই গাড়ি তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিএনপির পক্ষ থেকে তারা যে গাড়ি আমদানির জন্য আবেদন করেছেন, সে বিষয়ে সব প্রক্রিয়া যথাযথভাবে পর্যালোচনা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তবে, দলের একাধিক নেতা জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
বিশেষ নিরাপত্তার বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে এলাহী আকবর ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’ কে জানান, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তারা শুধু ব্যক্তি নন, তারা জাতীয় সম্পদ। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন কোনো ধরনের বিপদ না আসে।’
২০০৭ সালে এক-এগারোর জরুরি অবস্থায় সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ জামিনে মুক্ত হয়ে লন্ডন চলে যান তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।


