মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সব মেট্রো স্টেশন। একই সঙ্গে স্বাভাবিক হয়েছে ওই এলাকার যান চলাচল।
সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর ১০ এর গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।


