নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার বিকালে বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবদী ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে কারখানাটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামাল গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার একটি বয়লারে আগুন লাগার পর খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়।
পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় চারজন আহত হওয়ার পাশাপাশি ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, বয়লার থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


