চুয়াডাঙ্গার দামুড়হুদায় বন্ধুদের সঙ্গে পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ নুর ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার জয়রামপুর হালসাপাড়ার রমজান আলীর পুকুরে এ ঘটনা ঘটে। জুনায়েদ জয়রামপুর স্টেশনপাড়ার রুবেল মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে পুকুরে শাপলা তুলতে যায় জুনায়েদ। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় জুনায়েদের বাবা রুবেল মণ্ডল মরদেহ হস্তান্তরের জন্য থানায় লিখিত আবেদন করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


