জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার বিকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ফ্যাসিস্টরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা আগে গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। জনগণ তাদের বিতাড়িত করেছে। কিন্তু আজ তারা আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।’
তিনি বলেন, ‘তাদের এখনো বোধোদয় হয়নি, কী কারণে তাদের পালাতে হয়েছে। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না।’
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে বাংলাদেশে কী রাজনীতি করতে পারবেন? পারবেন না। আপনাদের দেশের জনগণ বিতাড়িত করেছে। জনগণই আপনাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান।’
তিনি বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা মানে আহাম্মকের স্বর্গে বাস করা। জনগণ ভোটের ও গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, জনগণই তাদের দাঁতভাঙা জবাব দেবে।
রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে লড়াই করেছে। কাজেই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের যেকোনো বিশৃঙ্খলা শক্ত হাতে প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।’
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় প্রমুখ।
সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


