পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে রাজশাহীতে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর পানির ট্যাংকি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শরিফুল ইসলাম (২৭)।
র্যাব জানায়, শরিফুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে ‘অ্যাডিশনাল ডিআইজি হুমায়ুন’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ওই আইডি ব্যবহার করে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন।
র্যাব আরও জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা করে আসছিলেন। পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে একাধিক মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তারও হন তিনি। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।


