সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের মাহমুদপুর ইটভাটার পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের আবু বক্কারের ছেলে ও চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসার ১০ থেকে ১৫ জন ছাত্র একসঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও ওমর ফারুক পানিতে থেকে যায়। তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা স্থানীয়দের খবর দেয়। পরে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গোসল করতে নেমে পানিতে ডুবে ওই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


