রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি পুরোনো সিঙ্গেল ব্যারেল শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম তাপস (৩৮) ও মো. মাসুদ রানা (৩৫)।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২৮ আগস্ট ভোর ৪টা ১০ মিনিটে ডেমরার সারুলিয়ার ৩৮ নম্বর রানীমহল রোডে এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশ ও হেলমেট পরা কয়েকজন মোটরসাইকেলে এসে হামলা চালায়। তারা দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে কয়েকটি গুলি ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করে। পরে অজ্ঞাতনামাদের আসামি করে ডেমরা থানায় মামলা করা হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাপসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরাবো এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


