হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় আটক দুজন ও অজ্ঞাতনামা যাত্রীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে স্বর্ণ এনে চোরাচালানের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


