দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। এতে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন এ দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে, দুই দফা কমার পর গত শুক্রবার দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। এর তিন দিন পরেই সেই একই পরিমাণ দাম কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৯০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৫ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমেছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ভরি প্রতি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৯১৬ টাকায়।


