সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, মিনহাজ সীমান্তের এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। চুরি বা অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার সময় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে বাংলাদেশে আনার পথে তার মৃত্যু হয়।
ইউনিয়ন সদস্য কামাল উদ্দিন জানান, রাতে মিনহাজ সোনারহাট-লাখাট সীমান্ত দিয়ে ভারতের ভেতরে যান। সেখানে খাসিয়ারা তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তারা বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


