বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় খাগড়াছড়ির চেঙ্গীতে ও মাইনী নদীতে পানি কমতে শুরু করেছে। এতে দীঘিনালা-লংগদু, দীঘিনালা-বাঘাইছড়ি এবং দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কেও সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জেলা সদরের কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার আংশিক উন্নতি হলেও মহালছড়ি উপজেলার বদানালা, লেমুছড়িসহ বেশ কিছু এলাকায় এখনো পানি বন্দী রয়েছেন অনেকে। অন্যদিকে দীঘিনালায় মাইনি নদীর পানি কমলেও মেরুং এলাকায়ও এখনো জলাবদ্ধতা কমেনি। এই এলাকায় পানি বন্দী রয়েছেন প্রায় কয়েকশ পরিবার।
খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, নদীর পানি কমতে শুরু হওয়ায় পরিস্থিতি অনেকটা উন্নতি হচ্ছে। তবে যারা এখনো আশ্রয় কেন্দ্রে আছে তাদের খাবার দেওয়া হচ্ছে ।তারা বাড়ি ঘরে না ফেরা পর্যন্ত তাদের খাবার দেওয়া হবে। এ ছাড়াও পানি বন্দী আছে এমন পরিবারের খবর পেলে তাদেরও খাবার পৌঁছে দেওয়া হবে।


