সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাকরি বিধিমালা ১৯৭৯ অনুযায়ী শনিবার তাকে এই শাস্তি দেওয়া হলো।
এ বিষয়ে শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ করতে দেখা গেছে।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
চিঠিতে আরও বলা হয়, যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত, তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
ফলে, এমন শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।


