নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামি আকাশ বিশ্বাস (২৫) নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার প্রভাষ বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার চার নম্বর আসামি আকাশকে যশোর জেলার নারকেলবাড়িয়ায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে প্রতিবন্ধী আনোয়ার মোল্ল্যা ঘটনার আট দিন পর ২ জুলাই সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্ত শেষে ওই দিন বিকালে তার মরদেহ নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম নিজ বাড়িতে পৌঁছায়।
এর আগে, গত ২৪ জুন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। ওই দিন সদর উপজেলার গোবারা মালোপাড়া এলাকায় ওই যুবককে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরদিন ২৫ জুন সকালে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে নড়াইল সদর থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় প্রতিবেশী বাচ্চু মিয়া নামে একজন আনোয়ারের বাড়িতে তাকে গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রতিবন্ধী আনোয়ারের ভাই নবীর হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও কয়েকজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
এতে এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন, সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, পলান বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস, অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস, প্রভাষ বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও পরান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস।
এজাহার থেকে আরও জানা যায়, গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ, হৃদয়সহ কয়েকজন আনোয়ারকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করে। এর একপর্যায়ে প্রসেনজিৎ আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। অন্যরা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের সৃষ্টি হয়।
মৃতের বড় ভাই মো. নবীর হোসেন বলেন, ‘আমার ভাই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। সেই সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে নির্যাতনের শিকার হয়ে আমার ভাই মারা গেছে। আমি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’


