খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকচাপায় মো. নুরু মিয়া (৫৫) নামে এক মাহেন্দ্রচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরু মিয়া মাটিরাঙ্গা পৌরসভার নতুনপাড়া এলাকার বাসিন্দা আবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহেন্দ্রচালক নুরু মিয়া তার গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশ দিয়ে গাড়িটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে আছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


