নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজনে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল। উদ্বোধন শেষে তিনি শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং তাদের পড়ালেখার খোঁজ-খবর নেন।
শুক্রবার উপজেলার চকলেংঙ্গুড়া এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে ‘হেরিং বোন বন্ড’ (এইচবিবি) প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। সরকারি অর্থ নয়-ছয় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
তিনি ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘আমি সৎ মানুষ, মানুষের বকা শুনতে চাই না। সুন্দরভাবে কাজ করতে না পারলে কাজ ছেড়ে দিন। জনগণের টাকা নিয়ে ভালোভাবে কাজ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের উদ্দেশ্যে কায়সার কামাল বলেন, ‘যদি নিম্নমানের কাজ দেখতে পান, তাহলে ছবি তুলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানান।’ কোনো ধরনের চাঁদাবাজি বা বাধা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা এলাকায় ৫০০ মিটার এবং চকলেংঙ্গুড়া মধ্যম বাগান এলাকা থেকে একটি বেসরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবিকরণ করা হবে। এ ছাড়া গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর মধ্যপাড়া জামে মসজিদসংলগ্ন এলজিইডি সড়ক থেকে আ. হালিমের জমি পর্যন্ত এবং ঈশ্বরখলা হক মেকারের বাড়ি এলজিইডি রাস্তা থেকে আব্দুল হারিজের বাড়ির পাশের মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়ন কাজও শুরু হয়েছে।
পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩৯৯ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


