মুন্সিগঞ্জে মাদকবিরোধী আলাদা অভিযানে ইয়াবা, হিরোইনসহ তিন কারকাবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠে খাসকান্দি এলাকায় সুলতান কোল্ড স্টোরেজ অফিসের সামনের খালি জায়গা থেকে ১০০ পিস ইয়াবাসহ ইয়াসিন ঢালী (৩২) নামের এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
আরেক অভিযানে শ্রীনগর উপজেলার উত্তর বালাশুর পালেরবাড়ির সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ মনির হোসেন পরান (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়।
একই রাতে সদর উপজেলার পানহাটা গ্রামে এক অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ আরিফ ওরফে বাদশা (৪০) নামের আরও এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই দিপঙ্কর কুন্ডু বলেন, ‘গ্রেপ্তারকৃত আরিফের পরিহিত লুঙ্গির ডান কোচরে গোজা অবস্থায় একটি সাদা পলিথিনে ৬০ পুরিয়া মাদক জাতীয় হেরোইন পাওয়া যায়। আসামিকে মাদকদ্রব্যের উৎস সংক্রান্ত জিজ্ঞাসাবাদে তিনি জানান, মাদক মামলার আরেক পলাতক আসামি এডিসনের কাছে থেকে মাদকদ্রব্য ও হেরোইন কিনে তিনি মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ বিক্রি করেন।’
এডিসনকে গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ।


