ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২) ও আরমান (৩০)। নিহতের মধ্যে তিনজনের বাড়ি গলানিয়া গ্রামে ও আরেকজনের বাড়ি একই উপজেলার ধরন্তি গ্রামে। এ ঘটনায় গলানিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে চারজনই বিষক্রিয়ায় মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকাল সাড়ে ৫টায় সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌছে উদ্ধার কাজে সহায়তা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


