আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার ঘটনায় এমএইচ পাটওয়ারী বাবু আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এর আগে ৮ এপ্রিল এ ঘটনায় প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি টিম রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া থেকে বাবুর স্ত্রী ইসমত জেরিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক ডিজিটাল পরিদর্শনে দেখা যায় যে, উদ্ধারকৃত ডিভাইসটিতে এমএইচ পাটোয়ারী বাবু নামের একটি পাবলিক ফিগার ফেসবুক প্রোফাইলে সক্রিয় প্রবেশাধিকার ছিল। সেই অ্যাকাউন্টটি ইসমত জেরিন ও তার স্বামী পাটোয়ারী বাবু যৌথভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করছিল।
প্রসিকিউশন সূত্র মতে, ওই অ্যাকাউন্টটি ব্যবহার করে এমন কিছু বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে, যা প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে বিবেচিত হয় এবং বিচারিক কর্তৃত্বকে খর্ব করে।
এ ক্ষেত্রে উদ্ধার করা ডিভাইসের আলোকচিত্রভিত্তিক নথিপত্র, সন্দেহভাজন ব্যক্তির সাথে ডিভাইসের দখলগত সংযোগ, সক্রিয় ব্যবহারের নির্দেশক যোগাযোগের চিহ্নগুলো প্রমাণ হিসেবে দাবি করে প্রসিকিউশন সূত্র।
৭ এপ্রিল পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, এ আদেশ দেয়। একইসঙ্গে ওই পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


