সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর হাম অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪৮৯ জনের এবং ৯৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মৃত ৯ জনের মধ্যে তিনজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ তিনজন এবং সিলেট বিভাগে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে দুইজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৭ হাজার ৬৫৬ জন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত রোগী ৬ হাজার ৯৭৯ জন। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৯১ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬১ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হলো।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩ হাজার ৬৩১ জন ভর্তি রয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন।


