হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লক্ষ টাকা ফেরত পেয়েছে ৯৯০টি হজ এজেন্সি। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএন হিসাবে অব্যয়িত পড়ে থাকা এই টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ফেরত দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের হজ পালনের জন্য সৌদি প্রান্তের খরচ নির্বাহের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের “মাসার নুসুক” প্ল্যাটফর্মের আইবিএএন হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অর্থ প্রেরণ করা হয়ে থাকে। গত আট বছরে বাংলাদেশি হজ এজেন্সিগুলো যে টাকা পাঠিয়েছিল তার কিছু অংশ অব্যয়িত ছিল।’
তিনি আরও বলেন, ‘এই টাকা ফেরত পাবার জন্য হজ এজেন্সির পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। এ টাকা ফেরত আনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়। তারই পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশ হজ অফিসের প্ল্যাটফর্মটির আইবিএএনে অব্যয়িত টাকা ফেরত দিয়েছে।’
‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অব্যাহত ও বহুমাত্রিক যোগাযোগের কারণেই এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আইবিএএন হিসাবে মোট ৯৯০টি বাংলাদেশি হজ এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবকটি এজেন্সির টাকাই ফেরত পাওয়া গেছে,’ যোগ করেন তিনি।
তিনি আরও জানান, ফেরত পাওয়া এই অর্থ ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএনে স্থানান্তরিত হয়েছে এবং বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজ এজেন্সির অব্যয়িত টাকা ফেরত দেয়ার জন্য আমাদের দাপ্তরিক সকল প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন।’
এ প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্ম সচিব (হজ) মো. মঞ্জুরুল হক, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।


