দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭২০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা খাঁটি স্বর্ণের দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪ হাজার ৩ টাকা। এ ছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছর অক্টোবর মাসের ৮ তারিখে ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। ওই মাসের ৩০ তারিখ স্বর্ণের ভরি বেড়ে হয়েছিল ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ হাজার টাকার বেশি।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৪৬ বারই বেড়েছে। কমেছে মাত্র ১৮ বার।
এর আগে, সোমবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সেই ঘোষণার পর বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছিল নতুন দাম। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হতো ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়, ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা দরে, ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হতো ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।
চলতি বছরজুড়ে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। আগের বছর ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।


