সিলেটের এয়ারপোর্ট থানার একটি এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার সকালের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থানার ইলাশকান্দি এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
নিহত শাহ মাহমুদ হাসান তপু (১৭) খাসদবির স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি ইলাশকান্দির উদয়ন এলাকার শাহ এনামুল হকের ছেলে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তপুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালের দিকে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তপুকে গুরুতর আহত করেন। ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।
আটকরা হলেন জাহিদ হাসান, অনিক মিয়া ও জুনায়েদ আহমদ।
এ ঘটনায় এখনো কেউ কোনো মামলা করেনি জানিয়ে ওসি আনিসুর রহমান জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


