রাজধানীর গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে উপস্থিত করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম। আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
শনিবার রাতে ঢাকার গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
মামলার সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পার্শ্বে সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মিছিলে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশে উসকানিমূলক স্লোগান দেন। এ সময় রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
২০২৪ সালের ১৯ অক্টোবর গ্রেপ্তার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।


