পোষাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনের তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। তার মতে, ট্রেড ইউনিয়নই অপ্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় কর্মরত শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অসহনীয় অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে।
বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে ‘পোষাক শিল্পে অপ্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় কর্মরত শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বর্তমান পরিস্থিতি এবং ট্রেড ইউনিয়ন গঠন সম্পর্কিত সম্ভাবনা ও নীতি নির্ধারণী পর্যায়ে করণীয়’ শীর্ষক সংলাপে একথা বলেন তিনি।
রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) আয়োজিত সংলাপে তিনি বলেন, ‘গার্মেন্টস সেক্টরে ব্যাকওয়ার্ড লিংকেজে যেসব শ্রমিকেরা কাজ করছে সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক খাত হিসেবে চিহ্নিত করেছি। এই শ্রমিকদের যে অধিকার, এই অধিকারের সঙ্গে ফরমাল সেক্টরের যেসব শ্রমিক রয়েছে, তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেটা কমিয়ে নিয়ে আসতে হবে। নারী শ্রমিকদের অসহনীয় অবস্থা এই সেক্টরে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ট্রেড ইউনিয়নের দরকার। আইন আছে কিন্তু সে আইনটাকে বাস্তবায়নের জন্য একটা প্রেসার গ্রুপ থাকা দরকার।’
সংলাপে পরিকল্পনা কমিশনের সাবেক সচিব জাকির হোসেন আকন্দ বলেন, ‘আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রমিক এই দুই শ্রেণী বিশাল চ্যালেঞ্জের মুখে রয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি বা ডেভেলপিং এজেন্সিসগুলো এ ব্যাপারে আর্থিক এবং কারিগরি সহায়তা দিচ্ছে। তবে এ ব্যাপারে সুফল পেতে সময় লাগবে বলে আমি মনে করি, কারণ ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।’
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ও তাদের সংগঠিত করতে সরকার, উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে বলে সংলাপে মত দেন বক্তারা।


