শিশু ধর্ষণ ও হত্যার মামলাগুলো থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য বিশেষ বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজসহ আটজন আইনজীবী এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিচারব্যবস্থায় দীর্ঘ সূত্রিতা এদেশের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে, বিভিন্ন সময়ে অধস্তন আদালতে চাঞ্চল্যকর, নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার হলেও, হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল এবং আপিল বিভাগের আপিল শুনানি করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি হলেও ডেথ রেফারেন্স কবে শুনানি হবে অনিশ্চিত, ফেনীর নুসরাত হত্যা মামলাসহ বহু মামলা এভাবে অপেক্ষমান অবস্থায় আছে, ফলে সর্বশেষ মিরপরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা বলেই বসলেন, আপনারা বিচার করতে পারবেন না।
বিচারক ও আইনজীবী হিসাবে আপনাদের ও আমাদের সকলের এই দায় এড়ানোর উপায় নেই, তবে জুডিশিয়ারির সীমাবদ্ধতা আমরা বুঝি। তবুও সীমাবদ্ধ পরিস্থিতিতেও শিশু ধর্ষণ, শিশু হত্যাকাণ্ডের ঘটনাগুলো আলাদা করে, এতদসংক্রান্ত মামলাগুলো (ডেথ রেফারেন্স ও আপিল), বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।


