ইরানের শাহেদ ড্রোনের ‘নকল’ (রেপ্লিকা) তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে সেই দায় তেহরানের ওপর চাপানোর চেষ্টা চলছে।
ইরানের সামরিক বাহিনী অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘লুকাস’ নামের একটি ড্রোনকে ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে সাজাচ্ছে। তাদের দাবি, এই লুকাস ড্রোন দিয়েই আঞ্চলিক দেশগুলোতে হামলা চালিয়ে সেগুলো ইরানের সামরিক বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বিবৃতিটি প্রচার করে বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের প্রতিবেশী ও মিত্র কয়েকটি দেশে হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনে ইরানকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তুরস্ক, কুয়েত এবং ইরাক।
ইরানি সামরিক কমান্ডের দাবি, এসব হামলার উদ্দেশ্য- ইরানের সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনসম্মত ও বৈধ’ কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা। একই সঙ্গে এসব হামলার মাধ্যমে তেহরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সামরিক বাহিনী কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তু, স্থাপনা এবং স্বার্থসংশ্লিষ্ট জায়গাগুলোর ওপরই হামলা চালায়। অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।
কমান্ড আরও জানায়, ইরান যদি কোনো স্থানে হামলা চালায়, তাহলে তা প্রকাশ্যে সরকারি ঘোষণার মাধ্যমে স্বীকার করা হয়। তাই যেসব হামলার দায় ইরানের ওপর চাপানো হচ্ছে, সেগুলোর সঙ্গে তেহরানের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়েছে।


