লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নে চরমনসা গ্রামে বিএনপি নেতার ঘরের দরজায় ‘তালা লাগিয়ে পেট্রোল ঢেলে’ আগুন লাগার ঘটনায় পুড়ে শিশু আয়েশা আক্তার (৭) নিহতের চারদিন পর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বাবা ও বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনপি নেতা বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজের ঘরে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
আহত হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এদিকে ঘটনার চারদিনেও দোষীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন মহল।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন মামলা করেছেন। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত আসামিদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেলাল হোসেনকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান। এ সময় তারা তারেক রহমানের পক্ষে বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকা তুলে দেন। পরে তারা বেলাল হোসেনের মেয়ের কবর জিয়ারত করে বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাসও দেন এ্যানি।


