অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে রোববার রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সংসদে সরকারি দলের বৈঠক শেষে তিনি বলেন, ‘যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতেই বসছে, সেখানেই গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।’
তবে সব অধ্যাদেশে এখনো একমত হতে পারেনি সরকারি ও বিরোধী দল। অন্তত ২০টির বেশি অধ্যাদেশ নিয়ে মতভেদ রয়ে গেছে। ফলে রাতের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জাতীয় সংসদের বিশেষ কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, সংসদের অধিবেশন শেষে রাত সাড়ে ৮টার দিকে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিরোধী দলের একাধিক সংসদ সদস্য জানান, বিষয়টিতে সমঝোতা না হলে সংসদের ভেতরে ও বাইরে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তারা রাজপথেও যেতে পারেন।
ঈদের ছুটি শেষে পুনরায় বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। রোববার বিকাল ৩টায় অধিবেশন শুরু হয়।


