ভারতের নির্মাতা এস এস রাজামৌলি তার পরবর্তী ছবি ‘বারাণসী’ দিয়ে আবারও নতুন ইতিহাস গড়ার পথে। ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, আর টিজার ভিডিও সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু গল্প বা তারকা নয়—এই ছবির সবচেয়ে বড় চমক প্রযুক্তি। রাজামৌলি এমন এক আধুনিক মোশন ক্যাপচার সেটআপ ব্যবহার করছেন, যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।
হায়দরাবাদে নির্মিত নতুন স্টুডিওতে একসঙ্গে ২০ জন শিল্পীর পারফরম্যান্স ধারণ করা সম্ভব—যা আগে এক বা দু’জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই স্টুডিওটি তৈরি হয়েছে হলিউডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানিমেট্রিক্স ডিজাইন- এর সহায়তায়, ফলে এর মান আন্তর্জাতিক পর্যায়ের।
ছবিটিতে প্রধান ভূমিকায় থাকছেন মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া। বড় আকারের সেট, বিস্তৃত ভিএফএক্স কাজ এবং প্রযুক্তিনির্ভর নির্মাণ—সব মিলিয়ে ‘বারাণসী’ হতে যাচ্ছে একটি উচ্চাভিলাষী প্রজেক্ট।
রাজামৌলি নিজেই জানিয়েছেন, নতুন এই প্রযুক্তি তার কাজকে অনেক সহজ করে দেবে। আগে মোশন ক্যাপচার শট নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও এখন একসঙ্গে একাধিক চরিত্রের পারফরম্যান্স ধারণ করা সম্ভব হবে, যা গল্প বলার ধরনকেও আরও বিস্তৃত করবে।
এর আগেও রাজামৌলি একের পর এক মাইলফলক সৃষ্টি করেছেন। আরআরআর প্রায় ৫৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়ে বিশ্বজুড়ে ১,৩০০ কোটির বেশি আয় করে। বাহুবলী ২: দ্য কনক্লুশন প্রায় ২৫০ কোটি বাজেটে তৈরি হয়ে ১,৮১০ কোটিরও বেশি আয় করে সব রেকর্ড ভেঙে দেয়। আর বাহুবলী: দ্য বিগিনিং প্রায় ১৮০ কোটি বাজেটে নির্মিত হয়ে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি টাকা আয় করে।


