মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকঅ্যালেন শহরে ইউএস বর্ডার প্যাট্রোলের একটি স্থাপনায় গুলি চালানোর পর ২৭ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অ্রাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, রায়ান লুই মস্কুয়েডা নামের ওই ব্যক্তি একটি অ্যাসল্ট রাইফেল ও একটি ইউটিলিটি ভেস্ট নিয়ে হামলা চালান। তখন ফেডারেল এজেন্টরা পাল্টা গুলি ছোড়েন বলে স্থানীয় সময় সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন ম্যাকঅ্যালেনের পুলিশ প্রধান ভিক্টর রড্রিগেজ।
ঘটনাটি ঘটেছে ম্যাকঅ্যালেন আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে অবস্থিত একটি বর্ডার প্যাট্রোল স্থাপনায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়েছে। রড্রিগেজ বলেন, ওই হামলাকারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি।


