ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর শনির আখড়া ও গোবিন্দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন- আবদুল গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, বুধবার যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর এলাকায় নূর মসজিদসংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র।
পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেন। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজন সহযোগী ভুক্তভোগী ব্যবসায়ীকে মারধর করেন এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল দুই সদস্য গাফ্ফার ও শিরিন আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


