রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, রোববার রাতে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া মামলাটি করেন।
এদিকে, সোমবার মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।
বার্তাসংস্থা বাসস জানায়, মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে রিটে আবেদন করা হয়েছে।
সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে, ফার্মগেটের মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে রোববার দুপুরের দিকে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম এক ছেলে ও এক মেয়ের বাবা। ওই সময় তিনি ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এদিন দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ ছিল। পরে বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে বিয়ারিং প্যাড মেরামতের জন্য বন্ধ ছিল আগারগাঁও থেকে শাহবাগ অংশের মেট্রো চলাচল। পরে সোমবার সকাল ১১টা থেকে সর্ম্পূণ অংশে মেট্রো চলাচল শুরু হয়।
এই ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় নিয়ে সুপারিশও থাকবে।


