মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক তিনটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।’
জব্দ করা চিংড়ি রেনু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এই কোস্ট গার্ড কর্মকর্তা।


