রাজধানীর মিরপুরে চৌরঙ্গী মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে সাইফুল ইসলাম সিজু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টায় মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার বাসার সামনে এই ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম সিজু মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
হাসপাতালে আহত সাইফুলের শ্যালক সাইদুল ইসলাম জানান, মিরপুর ১০ নম্বর সেনপাড়া পর্বতা এলাকায় তাদের বাসা। সিজুর এলাকায় ইন্টারনেটের ব্যবসা রয়েছে। রাতে তিনি বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় হঠাৎ তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে সিজুর দুই পায়ে ও কোমরে গুলি লাগে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে একটি অস্ত্রসহ ধরে ফেলে। তবে সে কেন সাইফুল ইসলামকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, সাইফুল নামে ওই ব্যক্তির দুই পায়ে ও কোমরে গুলি লেগেছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি মিরপুর থানা পুলিশকে জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।


