রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় ধরে অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মহাখালী বাস টার্মিনাল এলাকায় যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার অভিযান পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি জানান, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। এরইমধ্যে নির্ধারিত সংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
মো. আনিছুর রহমান বলেন, ‘এই অভিযানের মূল উদ্দেশ্য- টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে।’
এ সময় সব বাস মালিক ও চালকদের সহযোগিতা চান তিনি।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস মালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী দীর্ঘসময় অপেক্ষমান বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ট্রাফিক বিভাগ বলছে, মহাখালী টার্মিনাল এলাকায় যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


