ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবারের জন্য আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’কে সামনে রেখে পুলিশ এই অভিযান চালায়।
বুধবার দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় একটি গোষ্টি যানবাহনে আগুন দিয়ে নাশকতামূলক কর্মকান্ড করছে। এসব ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে জেলার ৮টি থানায় পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার হন। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় পাঁচজন, ফুলবাড়ীয়ায় এক, ত্রিশালে চার, ভালুকায় চার, নান্দাইলে দুই, গফরগাঁওয়ে এক, ফুলপুরে এক এবং পাগলা থানায় একজন গ্রেপ্তার হন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদেরকে আদালতে পাঠানো হবে।


