ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের বাবা নিহত হয়েছেন। নিহত আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত মাজহারুল ইসলাম আকাশের বাবা।
রোববার রাত পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথ আটকায়। তিনি তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে ফেলে যায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


