ভোলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯) নামের ওই দুই শিশু একই গ্রামের প্রতিবেশী।
চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহানা ওই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো.ইউসুফের মেয়ে।
স্বজনরা জানিয়েছে, ঘটনার দিন খাদিজা ও সোহানা খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুরে বাড়ির লোকজন তাদের না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে প্রথমে ডুবন্ত অবস্থায় খাদিজাকে খুঁজে পান। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর একই পুকুর থেকে শিশু সোহানার মরদেহও উদ্ধার করা হয়।
শশীভুষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফখরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত শিশুদের পরিবার কোনো অভিযোগ জানায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।’


